শনিবার, ১৪ আগস্ট, ২০২১

দুই কাহন


বকুলদি আসছে না ক’দিন। রান্না কিছুই নেই ফ্রিজে। কালকে ভাত তরকারি অতিরিক্ত রয়ে গেছিল। কিন্তু টিফিন-বক্স খুলে গন্ধ শুঁকে রেখে দিল তিতির। টকে গেছে। ফ্রিজটা ঠিক মতন কাজ করছে না। এক গামলা দুধ নষ্ট হয়েছে দু’দিন আগে। তবে গরম যা পড়েছে, ফ্রিজ বেচারা কিই বা করবে। সময়, রাত পৌনে বারোটা। তিতিরের আলসেমি লাগল ঘড়ি দেখে। ঠিক করল, ম্যাগি দিয়ে আজকের ডিনারটা সেরে নেবে। সেইমতন রান্নাঘরের দিকে পা বাড়াচ্ছিল, তখনই মোবাইল বেজে উঠল। অচেনা নম্বর। উটকো উপদ্রব হবে খুব সম্ভবত। মরুকগে যাক। ও ফোন রেখে দিল ডাইনিং টেবিলে।

তিতির দু’মিনিটের বেশি সময় নিয়েই ম্যাগি বানাল সসপ্যানে। ও’দিকে কাঠের ওপর মুঠোফোন ক্রমাগত ভাইব্রেশন করে যাচ্ছে। কেউ জরুরী প্রয়োজনে বারবার ওকে খুঁজছে। তিতির সাম্ভাব্য কলার-দের অনুমান করার চেষ্টা করল। রাজীবদা নয়, কারণ পুরনো অফিসের পাট চুকেবুকে গেছে অনেকদিন। বাড়িতেও সে তেজ্যকন্যা। তাহলে হয় নতুন চাকরীর আহ্বান অথবা বিয়ে। নওক্‌রি এবং শাদি, দুটো ডট কমেই পার্সোনাল নম্বর দেওয়া আছে। কিন্তু এত রাতে?

“হ্যালো! হু ইজ দিস?”

তিতির প্রশ্নটা করে কিছুক্ষণ অপেক্ষা করল। ফোনের ওপারে কেউ একজন আছে। নড়াচড়ার শব্দ আসছে অথচ কথা বলছে না। তিতির বারদুয়েক “হ্যালো” বলার পরে ফোন কাটতে যাচ্ছিল, সেই মুহূর্তে ও’পাশ থেকে ঘড়ঘড়ে পুরুষ কণ্ঠে কেউ বলল, “হ্যালো, মিতা?”

“রঙ নাম্বার।“

শাল্লা, মাঝ রাত্তিরে কে আবার মিতা-কে খুঁজছে। মোবাইল রেখে ম্যাগির ঝোলে চুমুক দিয়ে একচোট হেসে নিল তিতির। লোকটার গলা শুনেই মনে হয় নেশারু।

“গড সেভ বেচারি মিতা… খ্যাঁক-খ্যাঁক!”

হাসি শেষ হতেই খিদেটাও দুম করে হারিয়ে গেল। উদ্ভট শুঁটকো গন্ধ আসছে নুডল্‌সের পাত্র থেকে। খাওয়া যাবে না। যদিও তাতে ক্ষতি বিশেষ নেই। কাঁচের বাহারি চামচটা বাটিতে অর্ধেক ডুবিয়ে গোটা চারেক ছবি তুলে নিল। সঠিক ফিল্টার লাগিয়ে ইন্সটা-তে দিলে এক বালতি লাইক চলে আসবে। ওতে পেট না ভরলেও মন ভরে। কারিকুরি শুরু করতে না করতেই বোঁ-বোঁ আওয়াজে নতুন মেসেজ ঢুকল।

“মিতা, ম্যাগির প্যাকেটগুলো পুরনো। এবারে ফেলে দাও।“

অবাক হল তিতির। মিলিয়ে দেখল, লাস্ট ইনকামিং কল আর এই মেসেজ প্রেরকের নম্বর আলাদা। অথচ দুজনেই মিতা-কে সম্ভাষণ করছে। একই ব্যক্তি সিম কার্ড বদলে চালাকি করছে নির্ঘাত। কিন্তু ম্যাগির বিষয়ে জানল কীভাবে? দ্রুত চারিদিকে তাকাল ও। বেডরুমে এসি লাগানো তাই ঘরের জানালা সব বন্ধই রয়েছে। সুতরাং বাইরে থেকে ওর ওপরে নজর রাখা সম্ভব নয়। পরিচিত কেউ কৌতুক করছে না ত’? আবীরের সঙ্গে ব্রেক-আপটা সমঝোতা করে হয়নি। ফোন করে শাসিয়েছিল সে কবার। হয়তো শয়তানিটা ওরই।

চোখের পাতা ভারী হয়ে আসলেও তিতির রিমোট নিয়ে সোফায় বসল। মুভি সার্ফিং অনেকসময় ঘুমপাড়ানি মাসি-পিসির কাজ করে। কিন্তু আজ টিভি অন হতেই ঘুম চটে গেল। নেটফ্লিক্সের লগ-ইন স্ক্রিনে জ্বলজ্বল করছে প্রোফাইল নেম “মিতা”।

তিতিরের কাছে ব্যাপারটা আর ইয়ার্কি নয়। কেউ ওর ঘরে ঢুকে টিভ-র সেটিং বদলে দিয়েছে ভাবলেই গা শিরশিরিয়ে উঠছে। কে জানে আর কী করে গেছে বদমাশটা। গোপন ক্যামেরা লাগায়নি ত’ কোথাও? হঠাৎ নিজেকে ভীষণ অরক্ষিত মনে হল তিতিরের। সোফা ছেড়ে লাফিয়ে উঠে পাগলের মতন খোঁজাখুঁজি আরম্ভ করল দু’কামরার ঘরটায়। ঘুলঘুলি, বইয়ের তাক, টিউব লাইটের পিছন থেকে শুরু করে সিলিং ফ্যান, এসি, জানালা, দরজা কিছুই বাদ রাখল না সে। আধঘণ্টা পরে ঘর্মাক্ত কলেবরে তিতির এসে বসল ডাইনিং টেবিলের পাশের চেয়ারে। সন্দেহজনক কিচ্ছু নেই। শুধু মোবাইলে নতুন টেক্সট বলছে, “কিছু খুঁজছ? হাঁপিয়ে গেলে বড্ড।“

“হু দ্য হেল আর ইউ?” ক্ষিপ্র হাতে টাইপ করল তিতির। “এনাফ অফ দিস জোক!”

বার্তা পৌঁছালো না। ফোন নম্বরটি ইনভ্যালিড। ও বুঝল, এগুলো সফটওয়্যার জেনারেটেড ফেক আউটগোয়িং নম্বর। আগেভাগেই টাইম দিয়ে শিডিউল করে রাখা যায় কখন মেসেজ যাবে। পাল্টা যোগাযোগ করার চেষ্টা করে লাভ হবে না। অ্যাপটা ওর নিজের মুঠোফোনেও রয়েছে। মনে আছে ওর, ম্যানেজার রাজীবদা একসময় কি টেনশনেই না থাকত অজানা প্রেরকের ভয় পাওয়ানো মেসেজের ঠেলায়। কীভাবে যেন লোকটা আন্দাজ করেছিল ষড়যন্ত্রের পিছনে তিতিরই রয়েছে। চাকরীটা গেল সেই কারণেই। রাজীবদা আজ বদলা নিচ্ছে নাকি?

মাথায় দুশ্চিন্তার বোঝা নিয়ে মোবাইল হাতে শুতে গেল তিতির। খেয়াল নেই কখন হোয়াটস্‌অ্যাপের নোটিফিকেশন মিউট করে রেখেছিল। ইনবক্স খুলতেই রীতিমত আশ্চর্য হয়ে গেল। প্রচুর নতুন অপঠিত মেসেজ পড়ে আছে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সকলে ওকে হঠাৎ কী বলতে চাইছে? কোনও খারাপ খবর নেই ত’? দুরুদুরু বুকে শুচি-র টেক্সট খুলল তিতির। ও লিখেছে, “কনগ্রাচুলেশন্স! লাইফ চেঞ্জড আর সাথে নামও? আমায় জানালে কি এমন দোষ হত?”

হতভম্ব হয়ে বসে রইল তিতির মিনিট খানেক। তারপরে ফেসবুকে নিজের প্রোফাইলে যেতেই বুঝল, অ্যাকাউন্‌ট হ্যাক্‌ড হয়েছে। ডিপি-তে এক নব্য বিবাহিত দম্পতির ছবি। মেয়েটা যে তিতির নিজে তাতে কোনও সন্দেহ নেই। লাইফ ইভেন্টে দেখাচ্ছে যে আজই তার বিয়ে হয়েছে রক্তিমের সঙ্গে। রক্তিম গোস্বামী, বাড়িওয়ালা রূপক বাবুর ছেলে। ছিঃ, কি কেলেঙ্কারি কাণ্ড! লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড়। ভাড়া বাড়ির ঠাঁইটাও যাবে এইবার।

নিজের প্রোফাইল খুঁটিয়ে দেখল তিতির। এখানেও মিতা। অন্তত বায়ো-তে সেই নামই রয়েছে। ছবিটা? ধোঁকা খেয়ে গেছিল সে প্রথমে। দুটো আলাদা ছবি নিখুঁত ভাবে জোড়া ফটোশপে। কোয়েলের বিয়েতে মেরুন বেনারসি পরেছিল ও। পরে সে’দিনের তোলা একলা ফটোটা দিয়েই শাদি ডট কমে খুলেছিল নতুন অ্যাকাউন্ট। ওখান থেকেই ঝেড়েছে নিশ্চয়ই। রক্তিমের ছবিটা সম্ভবত পুরনো। ও ফেসবুকে নেই।

“আবীর, ইউ ব্লাডি স্কাউন্‌ড্রেল…”

রাগে গরগর করতে-করতে তিতিরের মনে পড়ল ফ্ল্যাটের একটা ডুপ্লিকেট চাবি আবীরের কাছে ছিল। ফেরত নেওয়া হয়েছে কি? ওকে না পাওয়ার জ্বালা জুড়োতে ছেলেটা এমন নিচে নামবে সে কল্পনাও করতে পারেনি। রক্তিমকেও এর মধ্যে টেনে এনেছে। তিতির ঠিক করল, এর শেষ দেখে ছাড়বে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে আজই এফআইআর করবে। থানার নম্বর ওর কাছে নেই। বাড়িওয়ালা রূপক বাবু-র কাছে হয়তো থাকবে। তবে তিনি ঘণ্টা খানেক আগে অনেক লোকজন সাথে নিয়ে বেরিয়ে ছিলেন। ফিরে এসেছেন কি? মধ্যরাত্রে বেল বাজালে আবার রেগে যাবেন না ত’?

বেল বাজল, তবে সেটা তিতিরের দরজায়। ও চুপচাপ দাঁড়িয়ে কয়েক মুহূর্ত ভাবল, খুলবে কিনা। আই-হোল থাকলে উঁকি মেরে দেখা যেত কে এসেছে। হতে পারে রূপক বাবু তিতিরের খোঁজ নিতে এসেছেন। সাহস করে সে লক ঘুরিয়ে দরজাটা খুলেই ফেলল।

“একি! রক্তিম তুমি?”

বিহ্বল তিতির-কে পাশে রেখে ছেলেটা ঘরের ভিতরে ঢুকল। ভাগ্যিস রক্তিম সোশ্যাল মিডিয়ায় নেই। থাকলে বিড়ম্বনার একশেষ হত। কিন্তু ওর আচার আচরণ অত্যন্ত অদ্ভুত লাগছে তিতিরের। মাথা ঝুঁকিয়ে পা টেনে-টেনে হাঁটছে। প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসে ঘড়ঘড় আওয়াজ আসছে বুকের ভিতর থেকে।

একটা চেয়ারে বসে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করল রক্তিম, “ভয় পেয়েছ তিতির?”

“যাক,” ছোট্ট শ্বাস ছেড়ে বলল তিতির। “তুমি সঠিক নামে ডাকলে। বাকিরা আমার আইডেন্টিটি ঘেঁটে ফেলল।“

“সবাই মিতা বলে ডাকছে বুঝি?”

“যা বলেছ। সব মনে হয় আবীরের বদমায়েশি। তুমি ত’ জানোই…”

“ওর আর দোষ কোথায় বল,” বাক্যালাপের কষ্টে হাঁপিয়ে-হাঁপিয়ে বলল রক্তিম। “আমারই তালগোল পাকিয়ে গেছে কতবার। তারমধ্যে আজকাল ডিজিটাল দুনিয়ায় উদর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দেওয়া ভীষণ সোজা। ফটোশপে মিতা সিদ্ধহস্ত। বললেই ঝট করে নামিয়ে দেবে।“

“আবার মিতা?” রেগে গিয়ে বলল তিতির। “আমার ফেসবুক প্রোফাইল সেই বুঝি হ্যাক করেছে? চেঞ্জ করেছে ডিপি?”

“ওই ডিপি-র ব্যাপারটা বুঝলে আমার আবদার ছিল। তোমায় বলব ভেবেছিলাম, কিন্তু মিতা খবর পেয়ে গেল। অমনি নামিয়ে ফেলল পুরো প্ল্যান। মেয়েটা আসলে তোমায় খুবই ভালোবাসে। শুধু আমার ওপরেই যত রাগ। নাহ্‌ ভুল বললাম। শুধু আমি নই। আবীর-কেও সহ্য করতে পারে না।“

“রক্তিম, মিতা বলে কেউ নেই। সুতরাং এই নিষ্ঠুর রসিকতা তোমারই মস্তিস্কপ্রসুত। ফোনে মেসেজ পাঠানো, ছবি বদলে দেওয়া, এ’সব করে কী মজা পেলে?” চাপা গলায় জানতে চাইল তিতির। ওর শিরদাঁড়া শক্ত। টুলের ওপরে রাখা সাঁড়াশিটা ডান হাতে তুলে পিছনে লুকিয়ে রেখেছে সে। মাঝরাতে এই ঘরে রক্তিমের আসার কারণ ও জানে না। মনে কু ডাকছে। অনভিপ্রেত ঘটনা কিছু ঘটলে নিজেকে আত্মরক্ষার জন্যে প্রস্তুত রাখাই শ্রেয়।

কিন্তু ওর প্রশ্নের জবাব না দিয়ে হো হো করে হেসে উঠল রক্তিম। ওর কপালের গভীর ক্ষতটা তিতির এক্ষুনি লক্ষ্য করল। সে’খান দিয়ে ভলকে-ভলকে গড়িয়ে পড়ছে রক্ত। মাংস খুবলে খুলির সাদা হাড়ও দেখা যাচ্ছে। এমন ভয়ানক আঘাত নিয়েও ছেলেটা সহজ ভাবে কথা বলছে কী করে? পাগলের মত হাসছেই বা কেন?

“মিতা এই আছে আবার এই নেই। তুমি, আমি, আমরা কেউ বুঝব কী করে?” হাসির দমক থামিয়ে বিষণ্ণ মুখে বলল রক্তিম। “কাছে চেয়েছিলাম তোমায়। তাতেও এমন গোলমাল বাঁধালে যে সব ভোগে গেল।“

“কেন?” শুকনো গলায় জিজ্ঞাসা করল তিতির।

“ঐযে, বাবা আমায় নিয়ে গেল হাসপাতালে। ফিরতে পারলাম কই সে’খান থেকে।“

“ওহ্‌,” অস্ফুটে বলল তিতির। বুঝল, এই জন্যেই তাহলে ভিড় জমায়েত হয়েছিল বাড়িতে। কে যেন ছাদ থেকে পড়ে গেছিল কলতলায়। এতক্ষণ কেন মনে পড়ছিল না? মাঝে মধ্যে নিজেকে বুঝতে পারে না তিতির। সহজ স্মৃতিগুলো খাদের ভিতরে হারিয়ে যায় পলকের মধ্যে। অনেক খুঁজেও তাদের সামনে টেনে আনতে পারে না সে।

“তোমার দোষ নেই তিতির,” আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে পায়ে-পায়ে এগিয়ে এল রক্তিম। ধরা গলায় বলল, “মনে পড়ছে ছাদের সিঁড়ি, ভাঙ্গা পাঁচিল? তোমায় হয়তো বেশিই জোর করতে গেছিলাম আমি। বুঝিনি কখন মিতা চলে এসেছিল। খুব রেগে গেল সে। তারপরে …”

নিশ্চয়ই কোনও ভয়ানক দুঃস্বপ্ন দেখছে তিতির। তাই জেগে ওঠার আশায় রক্তিমের কথা শেষ না হতেই প্রাণপণে হাত চালাল ও। সাঁড়াশিটা হাত ফসকে সশব্দে ছিটকে পড়ল মেঝেতে। চোখের সামনে ধোঁয়ার মতন মিলিয়ে গেল রক্তিমের চেহারাটা। শূন্য ঘরে কেউ কোথাও নেই। দরজা যেমন বন্ধ ছিল তেমনই রয়েছে। শুধু একটা অট্টহাসি ওর অন্তরাত্মা কাঁপিয়ে মিশে গেল অনন্তের মাঝে। মাথায় অসহ্য যন্ত্রণা নিয়ে ছটফট করতে করতে বিছানায় আছড়ে পড়ল তিতির।

দেওয়াল ঘড়িতে তিনটে বাজার অ্যালার্মে ঘুম ভাঙ্গল মিতার। দেখল ঘরদোরের অবস্থা চূড়ান্ত অগোছালো। আলমারি, জামাকাপড়, বিছানা, বালিশ সব ওলটপালট। মেঝেয় চলটা উঠিয়ে পড়ে আছে সাঁড়াশি। টেবিলে ঠাণ্ডা ম্যাগির বাটিতে পিঁপড়ের ভিড়। দীর্ঘশ্বাস ফেলল মিতা। তিতির মেয়েটা বরাবরই উশৃঙ্খল। বন্ধুবান্ধবের হট্টগোলে একাকীত্বের অমৃত পেল কই? বারবার বিপদে পড়ে আর মিতা-কে আসতে হয় উদ্ধারে। তাও মানতে চায় না যে সে আছে। ফেসবুকের মজাটা তাই করতেই হত। যাইহোক, বিচ্ছিরি ফিনাইলের গন্ধটা আবার কোত্থেকে আসছে? হাসপাতালে এমন স্মেল পাওয়া যায়। কলতলায় শ্যাওলা পরিষ্কার করে ফিনাইল ছড়িয়েছিলেন রূপক বাবু সকালে। সেটার গন্ধও হতে পারে। রক্তিম ওখানেই মুখ থুবড়ে পড়েছিল কিনা। জামাকাপড়ে রক্ত আর ফিনাইল লেগে জগাখিচুড়ি কারবার। এতোটা বাড়াবাড়ি চায়নি মিতা। ছেলেটা এমন ভীতু যে সামান্য চোখ বড় করতেই ভাঙ্গা পাঁচিল পেরিয়ে সোজা নিচে পড়ল। যাকগে, ভেবে লাভ নেই। বাড়িঘর গুছিয়ে  আবীর-কে নিয়েও প্ল্যান করতে হবে। ও খুব জ্বালাচ্ছে তিতির-কে আজকাল।।

শুক্রবার, ১৮ জুন, ২০২১

দূরত্ব

 "হোয়াট দ্য....!"


তীক্ষ্ণ
স্বরে বললাম আমি। অবিশ্বাসে চেয়ে রইলাম টেবিলের ওপর রাখা ট্যাবলেটটার কালো স্ক্রিনের দিকে। লো-ব্যাটারির নোটিফিকেশনটা খেয়ালই করিনি মিটিংয়ের ব্যস্ততার মধ্যে। অথচ কাল রাতে চার্জে বসিয়েছিলাম শিওর। প্লাগে ভালো ভাবে গুঁজিনি? চতুর্দিকে উদভ্রান্তের মতন চার্জিং কেবল খুঁজছিলাম তখনই অতনুদা ফোন এলো নিউইয়র্ক থেকে।

"কী হল? মিটিং ছেড়ে বেরিয়ে গেলি কেন? তোর প্রেজেন্টেশন শুরু করার কথা"

"আমায় পাঁচ মিনিট সময় দাও। ট্যাবলেটের ব্যাটারি ফুরিয়ে গেছে। কেবলটাও খুঁজে পাচ্ছি না।"

"নো গডড্যাম এক্সকিউজ রাহুল। আজ সকালেও তোকে ফোন করে মনে করিয়েছি। থ্রি মিলিয়ন ডলারের বিজনেস ইজ অ্যাট স্টেক। তোর ফাঁকিবাজিতে আমি ডুববো এখন।"

"বিশ্বাস করো অতনুদা। কাল রাতেই কাজ শেষ করে ক্লাউডে আপলোড করেছি। এখন আচমকা সুইচড্‌ অফ হয়ে গেল ট্যাব্‌টা। পাওয়ার কর্ডটা কোথায় রাখলাম..."

"জয়েন কর শিগগির। সামলাচ্ছি ততক্ষণ," অতনুদা ফোন রেখে দিল।

অতঃপর ল্যাপটপ। ওয়ার্ক ফ্রম হোম শুরু হওয়ার পরে হাই স্পিড ইন্টারনেট নিয়েছি কাঁড়ি-কাঁড়ি টাকা ঢেলে। কিন্তু সেখানেও গন্ডগোল। ওয়াই-ফাই ডেড। ছুটলাম পাশের ঘরে। দেখলাম, মোডেমের তার খোলা।

"এ’সব কী?" চিল্লিয়ে উঠলাম। নির্ঘাত নমিতাদি ঘর মোছার সময় এই কান্ড করেছে।

"কী হয়েছে? রবিবারের সকালে চেঁচামেচি আরম্ভ করেছ?" দেবযানী হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বলল।

"নমিতাদি-কে ছাড়িয়ে দেবে। রাউটার, মোডেম সবার তার খুলে রেখেছে। দরকারের সময় যত ঝামেলা।"

"নমিতাদি?" হেসে ফেলল দেবযানী। "মাস দেড়েক হয়ে গেল আসছেই না। ওর বাড়িতে সবার করোনা হয়েছে ভুলে গেছ। আমরাই তো বারণ করেছি ওকে আসতে।"

কথাটা ঠিক। তবে তদন্তে বসার সময় নেই। মোডেমে আলো জ্বলেছে। ওয়াই-ফাই চালু হতে এখনও মিনিট খানেক। দেরি না করে মেঝেতেই বসে পড়লাম ল্যাপটপ নিয়ে। ইথারনেট কেবল গুঁজে দিলাম মেশিনের পিছনে। দেবযানী কিছুক্ষন দাঁড়িয়ে থেকে চলে গেল। ওর ঘাড়েও অনেক কাজ। স্কুলের অনলাইন ক্লাসের নোট বানানো, রান্না-বান্না ইত্যাদি। আমার অফিসে এমন চাপ চলছে যে সাহায্য করবো তারও উপায় নেই।

যাইহোক, চেষ্টাচরিত্র করে মিটিংয়ে ঢুকলাম আবার। সবার কাছে ক্ষমাটমা চেয়ে কথা বলা আরম্ভ করতেই আবার ডিস্কানেক্‌টেড। এবারে পাওয়ার কাট্‌চাকরীটা মনে হয় গেল।

দৌড়ে বারান্দায় গেলাম। পাশের ফ্ল্যাটে দিব্যি গম্‌মিয়ে টিভি চলছে। শুধু আমারই কপাল পোড়া। কী করব এখন? আমি নিশ্চিত অতনুদা একা সামলাতে পারবে না। সিনিয়র ম্যানেজার আশিসদাও রয়েছে কনফারেন্সে। বিরাট গন্ডগোল হয়ে যাবে। সকলের মুখে চুনকালি পড়বে আমার কারণে। ছটফটিয়ে উঠে ভাবলাম সার্কিটবোর্ডে নিজেই কারিগরী করে দেখি

"একী!"

পুনরায় চমক। মেইন সুইচ টেনে নামানো রয়েছে। একটা টুল রাখা রয়েছে নিচে, মেঝেতে। ঝট্‌ করে বুঝে গেলাম আততায়ী কে।

"বিল্টু!"

গর্জন করতে-করতে সারা ফ্ল্যাটে খুঁজে শেষ পর্যন্ত তাকে পাওয়া গেল বেডরুমে, খাটের তলায়। আমার ট্যাবলেট আর মোবাইলের চার্জার, ভিডিও-গেমের কন্ট্রোলার, টিভির রিমোট ইত্যাদি অনেক কিছু জড় করে সে লুকিয়ে রয়েছে।

"আজকাল প্রচন্ড বাঁদরামি করছে ও," আমার রুদ্র রূপে মা ছেলে দুজনেই গুটিয়ে গে। "আগেরদিন আমার নতুন মোবাইল নিচে ভাঙ্গল। আজকে পুরো প্ল্যান করে… ভাবতে পারছ?"

"তুমি একটু শান্ত হও," দেবযানী বলল। "ও কেন এ’সব করছে আমাদের বুঝতে হবে। আগে তো এ’রকম ছিল না।"

"নিকুচি করেছে চাইল্ড সাইকোলজির। পিছনে নিয়মিত কয়েক ঘা দিলে সব ঠিক হয়ে যাবে," আমি ধুপ্‌ধাপ্‌ করে পাশের ঘরে চলে গেলাম। সময় কোথায়? মিটিংয়ের পরে নেটফ্লিক্স। বিকেলে আইপিএল।

বিল্টু চোখের জল মুছে নতুন পরিকল্পনায় বসলো। ইলেক্ট্রনিক্স জিনিসগুলো বড্ড দুষ্টু। ট্যাবলেট, ল্যাপটপ, মোবাইল, ভিডিও-গেম এরাই কেড়ে নিয়েছে বাবা-কে, ওর কাছ থেকে। তবে সহজে হাল ছাড়ার পাত্র নয় সেও। পরেরবার সবকটাকে একসঙ্গে বালতির জলে চোবাবে।

সোমবার, ১৪ জুন, ২০২১

নাদু ও ভাদু

 -ভাদু, রিক্সাওয়ালা ঠিক জায়গায় নামিয়েছে? দোকানের নাম দেখলুম ক্ষীরদয়াল ভবন।

-উঁহু, ভুল লেখা। ক্ষীরদয়াল কুণ্ডু আমার শ্বশুর। এ’টা ‘শ্রীদয়াল’, মদের গুমটি।


-বলছিস দোকানদার ছড়িয়েছে?

-আবার কি? নির্ঘাত তোর মতন সিদ্ধিখোর।

-যেন তুই খাসনি?

-ওরে নাদু, পাঁচ গেলাসে ভাদু পালের নেশা হয়েছে বলে কোনও দিন শুনেছিস?

-না, তা শুনিনি। তবে এই ওঁচা পাড়ায় মদের কারবার উচিত নয়।

-একদম না। বেলেল্লাপনার একশেষ। শুঁটিয়ে লাল করে দিতে হয়।

-দেওয়ালে ঢঙ করে ওঁম এঁকেছে আবার। ঢিল মারব?

-তুই জানালায় টোকা দিয়ে একখান বোতল জোগাড় কর আগে। মিছিমিছি ঝামেলা বাড়াসনি।

-সিদ্ধির ওপরে বাংলা চলবে?

-আলবাত! দৌড়াবে। আমি তো বাংলায় গান গাই…

-বিনি পয়সায় দেবে?

-কেন? তোকে যে দুটো পাঁচশ ধার দিলুম নাদু, সে’গুলো বের কর।

-পাঁচশ নয় ভাদু, পাঁচ।

-চেতনা চৈতন্য খুইয়েছিস মনে হচ্ছে। বউয়ের নামে দিব্যি করে বলতে পারি পাঁচের পাশে দুটো করে শূন্য ছিল।

-নিজের বউয়ের দিব্যি সবাই কাটতে পারে। রমাপতি-র বউয়ের নাম নিয়ে বল দেখি।

-নাঃ, তোর কথাই ঠিক। শূন্যের আবার দাম আছে নাকি?

-এক নয়া পয়সাও নয়। মাত্র দুটো নোটে রিক্সাওয়ালা খুশি মনে কত উপরি হাওয়া খাওয়াল সেটা ভাব।

-আয়, বুকে আয়। তুই আমার মাদার ফ্রম ডিফারেন্ট ব্রাদার। কিন্তু বৃষ্টি নামল যে রে নাদু? ছাতা এনেছিস?

-পকেটে ছিল, খুঁজে পাচ্ছি না।

-ধুতির আবার পকেট কি রে শালা? গায়েও শুধু স্যান্‌ডো। ফতুয়াটা কোথায় হারালি?

-পকেট মানে কোঁচড়। আমারটা ন্যানো আম্ব্রেলা, সব জায়গায় এঁটে যায়। বোতাম টিপলেই ঝপাং করে খোলে। খাসা চাইনিজ কারিগরি।

-শেষে বিলিতি মাল নিলি?

-বিলিতি না, চীনা।

-ওই একই হল। স্বদেশী তো নয় বাপু। ছাতা বানাত বটে আমার দাদু। সায়েব খ্যাদানো ষোল পাঁজরার জিনিস। পাকা সেগুন কাঠের ডান্ডি। একবার পিঠে পড়লেই ভারত ছাড়ো। উফ্‌, কি সময় ছিল তখন। চারিদিকে গান হচ্ছে, দাদুর দেওয়া মোটা ছাতা… মাথায় খুলে নে রে ভাই…! আর খুললেই পুরো গোবর্ধন পর্বত। গোটা পাড়ার লোক ধরে যায় ওর নিচে। কোথায় লাগে তোর ন্যানো তার কাছে। দূর ছাই, পা ভিজে গেল দেখ।

-বাদলায় লোকের গা ভেজে। তোর পা ভিজল কীভাবে?

-আমায় শুধোচ্ছিস কেন? জলকে জিজ্ঞেস কর।

-বৃষ্টিটা তা’লে ও’দিকেই ঝেঁপে এসেছে, বুঝলি ভাদু? এ’দিকটা খটখটে শুকনো। সরে আয় দু’পা।

-হ্যাঁ, আহাম্মকির আমসত্ত্ব। তুই আমার ঘাড়ে ওঠ আর লোকে ইয়ে ভাবুক।

-বেশ। তবে নিজের ছাতা দিয়ে কাজ চালা।

-নেই। বউ-কে গতকাল দিয়েছিলুম। সোজা বাপেরবাড়ি নিয়ে গেল।

-চুরি? ভাদু, লাগাম আলগা করেছিস তো মরেছিস। এতো ঘনঘন ও’বাড়ি দৌড়ায় কেন?

-আমিও তাই বললুম। বাপের জন্মদিন। হ্যালির ধূমকেতু তো নয়। পালন করার কী আছে?

-বললি? জিও গুরু। তারপরে?

-অতশত মনে আছে থোরাই। যাইহোক, তুই বোতল পেলি?

-ধুস্‌, দিচ্ছে না। বুড়োটা ঠ্যাঁটা। কানেও খাটো।

-আজকালকার বুড়োগুলো এমনই। আগের মতন কোয়ালিটি নেই। ছিলেন আমার দাদামশাই। কানের ফুটোয় জং, কিন্তু দিদিমা এক মাইল দূর থেকে নিন্দেমন্দ করলেও ঠিক শুনতে পেতেন।

-এই ভাদু, তোর শ্বশুর মদের ব্যবসা করে আগে বলিসনি তো। কাউন্টারে বসে গাল পাড়ছে।

-আমিও কি জানতাম? নে জলটা ধরেছে। তুই বল, এই সুযোগে আমার ছাতা ফেরত দিক। গন্ধে টেকা যাচ্ছে না।

-ছাতায় ঘেরাণও ঢাকে?

-মন থেকে চাইলেই ঢাকে। সে’বার তোর বৌদিকে নিয়ে গেছি সিনেমায়। পেট গড়বড় করছিল। আমায় ছাতা খুলে বসিয়ে দিল। মাইরি বলছি নাদু, কেউ কিচ্ছুটি টের পায়নি।

-ভাদু, ওরা কথা শুনেছে। তোর শ্বশুর আর বউ দল বেঁধে এসেছে বামাল ফেরত দিতে। একী? তুই মাটিতে গড়াগড়ি খাচ্ছিস কেন? কী বললি? ভারত ছাড়ো? ছাতা লাগবে না? আমায় দে তবে। এ’দিকেও বৃষ্টি শুরু হল এতক্ষণে।।

সোমবার, ২৪ মে, ২০২১

যন্ত্র

‘বুদ্ধিবীজী’ যন্ত্রের সার্কিট পুড়ে ধোঁয়া বেরোতে দেখে তড়িঘড়ি কন্ট্রোল প্যানেলের ওপরে হুমড়ি খেয়ে পড়লাম। । প্রথম প্রচেষ্টাতেই সাফল্যের আশা করা অর্বাচীনতার সামিল। তাও হা-হুতাশ করতে গিয়ে খেয়ালই করিনি কখন আমার পরীক্ষা নিরীক্ষার সাবজেক্ট টিরগিটি, তার লম্বা লেজ খাড়া করে চেয়ারে উঠে বসেছে। সে’খান থেকেই গুরুজনদের মত জিজ্ঞাসা করল, “রাতে ঘুমাও না কেন?”

গবেষণায় মজে থাকলে আমার চেতনা ধোঁয়াশায় স্লথ হয়ে যায়। টিরগিটির প্রশ্ন শুনে স্বভাবতই প্রথমে ঘড়ি দেখলাম। আড়াইটে বাজে। তারপরে অবাক হয়ে ওর দিকে চাইলাম। সে ততক্ষণে লম্বা জিভ দিয়ে একটা উড়ন্ত আরশোলা টেনে নিয়ে ডিনার সারছে। কি আভিজাত্যপূর্ণ সেই চর্বন। দেখলেই ভক্তি আসে। কথা বলিয়ে টিরগিটি, মানে আমার প্রয়াস সাকসেসফুল। তবে ওর প্রশ্নের উত্তর দেওয়া উচিত। ইতস্তত করে বললাম, “অনেক কাজ ভায়া। ঘুমুলেই সময় নষ্ট।“

“ওই করে ইতিমধ্যেই ব্রেনে একগাদা বিটা-অ্যামাইলয়েড জমা করেছ। ডিমেনশিয়া ধরল বলে,” টিরগিটি ভাবলেশহীন হয়ে বলল। নিজের হাতে টিকটিকি আর গিরগিটির সংমিশ্রণে একে বানিয়েছিলাম। আর, এখন তার বেজায় দেমাক। কিন্তু সে’সব ভাবার সময় কোথায় আমার। মনুষ্যেতর প্রাণীর মধ্যে বুদ্ধির বীজ বপন করতে সক্ষম হয়েছি। আনন্দে উদ্বাহু নৃত্য করতে ইচ্ছে করছে। কোনও মতে বললাম, “ও’সব ওষুধে সেরে যাবে।“

“ইকনমিক জাস্টিফিকেশনটা কী হে?’ টিরগিটি বিরক্ত হয়ে বলল। “অকারণে ফার্মা কোম্পানিগুলোকে বড়লোক করবে। তারচে’ গভীর ঘুম দিলে মগজের গ্লিম্‌ফ্যাটিক সিস্টেমটা ফ্রি-তেই ঝাড়পোঁছ করে দেবে আবর্জনা।“

আমি ততক্ষণে গড় হয়ে ‘বুদ্ধিবীজী’ মেশিনটাকে প্রণাম করছি। এর ব্যবসায়িক সাফল্য নিশ্চিতরূপেই আকাশচুম্বী হতে চলেছে। টিরগিটি যে নিমেষের মধ্যে এমন সর্ববোদ্ধা হয়ে যাবে তা আমি আশাই করিনি। ভেবেছিলাম খুব বেশি হলে আঁকজোঁক করার মতন চৈতন্য হবে। এযে রীতিমত সোনায় সোহাগা। ওকে খুশি করতে আরও দুটো আরশোলা ঝাঁটা মেরে কাছে নিয়ে আসলাম। সেগুলোও পটাপট ওর পেটে চালান হয়ে গেল মুহূর্তের মধ্যে। বুদ্ধি বাড়লে খিদেও নিশ্চয়ই বাড়ে।

বিজ্ঞানীকে অত্যাধিক উচ্ছ্বসিত হতে নেই। তাই গলায় গাম্ভীর্য এনে জানতে চাইলাম, “গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কোনও বক্তব্য আছে তোমার?”

“অবশ্যই আছে। আচ্ছা বল, আফ্রিকান স্প্রিংহেয়ারের একটা প্রজাতি অন্ধকারে গোলাপি আভায় জ্বলে কেন?”

আচমকা পাল্টা জিজ্ঞাস্যে থতমত খেয়ে গেলাম আমি। আমতা-আমতা করে বললাম, “ঠিক জানি না।“

“কারণ ওরা বায়োফ্লুরোসেন্ট। ওদের লোমে পর্‌ফিরিন থাকে। অন্ধকারে জ্বলজ্বল করে,” চিবিয়ে-চিবিয়ে, ধীরে সুস্থে উত্তর দিল সে।

আমি ঈষৎ ভেবলে গেলাম। বললাম, “এর সঙ্গে আবহাওয়ার কী সম্পর্ক?”

“কিচ্ছু না। তোমাকে এমনি-এমনি ঘেঁটে দিলাম,” টিরগিটি-র শরীরে লাল, সবুজ, কমলার ছটা খেলে গেল পরপর। সে উদ্ধতভাবে চেয়ে রয়েছে টেবিলের কোণায়, একটা নিরুপায় মাছির দিকে।

‘বুদ্ধিবীজী’ যন্ত্রের পারদর্শিতা আর আমার নৈপুণ্যে আজ আমিই বিমোহিত। নিজের গরিমা ঢাকতে পারলাম না আর। অস্ফুটে বলে ফেললাম, “পারফেক্ট!”

ভাবলাম, কাল সকালে খাঁচায় পড়া নেংটি ইঁদুরের ওপরে আরেকটা এক্সপেরিমেন্ট করে ফেলব। কিন্তু দেখলাম টিরগিটি-র মাইন্ড রিডিংয়ের ক্ষমতাও রয়েছে। আমার দিকে ভুরূ কুঁচকে তাকিয়ে বলল, “খবর্দার। মুড়িমুড়কি এক দর করবে না। শেষে নেংটি! সামাজিক স্ট্যাটাস বলে কিছু আছে তো নাকি?”

দমে গেলাম। বললাম, “ঠিক আছে। যাই গিন্নী-কে সুসংবাদটা দিয়ে আসি।“

দেখলেন? না ঘুমানোর ফল?” আরও গম্ভীর হয়ে গেল টিরগিটি। “আপনার অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। গিন্নী পেলেন কোথায়?”

ঘরে যেটা রয়েছে…?”

“ওটা পাশ-বালিশ।“

ইনি যখন এত আত্মবিশ্বাস নিয়ে বলছেন তখন তাই হবে। শোয়ার ঘরের বিছানায় নিঃশব্দে হাত-পা ছুঁড়লাম উল্লাসে। ল্যাবে বুদ্ধিবীজী বানানো সোজা কথা নয়। নোবেল এল বলে।

“লাথি মারছ কেন ছোটলোকের মতন?” খন্‌খনে চিৎকারে ঘাবড়ে গেলাম। পাশ-বালিশও চোখ রাঙাচ্ছে, কি আশ্চর্য! এটাকেও যন্ত্রে ট্রাই করে দেখব নাকি?

বুধবার, ৫ মে, ২০২১

অমলবাবুর বন্ধু

“একি!”

চমকে উঠলেন অমলবাবু। তাঁর চোখ আটকে রয়েছে প্ল্যাটফর্মে দাঁড়ানো কামরূপ এক্সপ্রেসের এস ১৩ কামরার দিকে। সামনের দরজা থেকে পাঁচটা জানালা পিছিয়ে এলে গরাদের ফাঁক দিয়ে যে লোকটাকে দেখা যাচ্ছে, তাকে তিনি চেনেন। বাম গালের কুৎসিত জরুল, ভুরূর ওপরে কাটা দাগ, টিয়াপাখির ঠোঁটের মতন খাড়া নাক আর কোটরাগত দুটো চোখ। সবই মিলে যাচ্ছে। সমরেশ-কে চিনতে ভুল হওয়ার কথা নয় তাঁর। চকিতে নিজেকে গুটিয়ে বেঞ্চের পিছনে, প্ল্যাটফর্মের ধুলোয় হুমড়ি খেয়ে পড়লেন তিনি। ট্রেনটা না যাওয়া পর্যন্ত এখানে লুকিয়ে থাকাই বুদ্ধিমানের কাজ হবে।


মাঝেমধ্যে ভরদুপুরে জলপাইগুড়ি রোড স্টেশনে এসে বসে থাকেন অমলবাবু। এখানে বেশীরভাগ সময় ঝ্যাংক্ল্যাং শব্দ করে মালগাড়িগুলো আসে। দু’একটা প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ালেও বোতলে জল ভরার প্রয়োজন না থাকলে প্ল্যাটফর্মে কেউই সাধারণত নামে না। মিনিট পাঁচেকের হৈচৈয়ের পরেই শান্ত হয়ে যায় চারিদিক। ওভারব্রিজের মাথা ডিঙ্গিয়ে রোদ্দুর মাখা আকাশে মনখারাপের ঘুড়ি যখন একলা-একলা পাক খায় তখন চকচকে রেল লাইনগুলো যে কি লোভনীয় লাগে তা কেবলমাত্র অমলবাবুই বোঝেন। আজও তাঁর মন ভালো নেই। সকালে গিয়েছিলেন সাত মাসের পাওনা বাড়িভাড়ার তাগাদা করতে। লাজুক ভাবেই চেয়ে চিন্তে হাত পেতেছিলেন। কিন্তু ভাড়াটিয়া বেজায় রেগে পাড়ার গুন্ডা ডেকে আনল। তারপরে দেদার গালিগালাজ আর গলাধাক্কার উপহার। বলল ক্লাবে এসে দলিল জমা করে যেতে, নইলে রাস্তায় ফেলে মারবে। এপর্যন্ত তাও ঠিক ছিল। আসল মুশকিলটা হল অমলবাবু বাড়ির দলিল কোথায় আছে সেটাই জানেন না। মামাবাবু বলে যাওয়ার সময় পাননি। এমন নিঃসঙ্গ অসহায় পরিস্থিতিতে পড়লে মানুষ বন্ধু খোঁজে। অথচ অমলবাবু বারবার মাথা ঝাঁকালেন। সমরেশ-কে তাঁর বেজায় ভয়। মা বলতেন, সে এলে বিপদ দশ গুন বেড়ে যায়।

তাকে শেষ দেখেছিলেন বছর চল্লিশ আগে। তিনসুকিয়া ছেড়ে চলে আসার সময় বাসস্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে চোখ টিপেছিল। অমলবাবুর বাবার চাকরী ছিল ডিগবয়ে। সেই সূত্রেই নর্থ আসামে বসবাস। মিশনারি স্কুলে চলত পড়াশোনা। কিন্তু কেউই মিশত না ওনার সাথে। বরং রাস্তাঘাটে ছেলেপুলেরা পিছনে লেগে অকারণে দুঃসহ করে তুলত বিকেলগুলো। সেই ঘরকুনো আঁধারেই একদিন হঠাৎ ছাদের সিঁড়িতে আলাপ হয়েছিল সমরেশের সাথে। একেবারে বিপরীত স্বভাবের ছেলে। যত্রতত্র বেয়াড়াপনা করতে তার উৎসাহের কখনও ঘাটতি হত না। অবশ্যি এই চারিত্রিক বৈপরীত্যের জন্যেই হয়তো ওদের সখ্যতা এত গাঢ় হয়েছিল।

গোলমাল হল সেখানেই। তিনি যা পারতেন না, ও নিঃশব্দে সেরে আসত তা অবলীলায়। তাঁর কোনও বারণই কানে তুলত না সমরেশ। তবে ওর সকল দুষ্টুমির দায় অদ্ভুত ভাবে এসে পড়ত ওনার কাঁধেই। কঠিন সাজা পেয়েও মুখ খুলতেন না তিনি। স্থানীয় উপজাতি নেতার ছেলে দারুক বোরা একদিন ঢিল মেরে অমলের কপাল ফাটিয়ে দিল। তার দিন সাতেক পরেই কে যেন ছেলেটাকে পিছন থেকে বস্তায় পুরে জম্পেশ পেটাল টিঙরাই নদীর চরায়। স্বাভাবিকভাবেই ওরা দুষল কিশোর অমল-কে। দাঙ্গা প্রায় বাঁধে বাঁধে। বেদম ঠ্যাঙানি খাওয়ার ভয়ে প্রথমবার বন্ধুর নাম ফাঁস করেছিলেন তিনি। কিন্তু কেউ সমরেশ-কে চিনল না। উল্টে ডাক্তারজেঠু ওকে বললেন, ‘প্যাথলজিকাল লায়ার’। বাবা তাঁকে জলপাইগুড়িতে মামারবাড়ি পাঠিয়ে দিলেন। তারপরে বহু বছর কেটেছে। ঘুমিয়ে, ঝিমিয়ে মুছে গেছে অবশিষ্ট মেরুদণ্ড। বিস্মৃতির আড়ালে নিখোঁজ হয়েছে সমরেশও।

ঘন-ঘন দু’বার হুইসেল দিয়ে ইঞ্জিন ড্রাইভার জানান দিল যে ট্রেন ছাড়ার সময় হয়েছে। আবার হারিয়ে যাবে সমরেশ। তাকে শেষবারের মত দেখবার আশায় অমলবাবু বেঞ্চের পিছন থেকে উঁকি দিলেন। আর তাতেই ওঁর বুক ধড়াস করে উঠল। জানালার রডে মুখ লাগিয়ে সোজাসুজি এইদিকেই চেয়ে রয়েছে সে। ঠোঁটের কোণে বাঁকা হাসিতে প্রচ্ছন্ন রয়েছে লুকোচুরির কৌতুক।

পড়িমরি করে দৌড়ে নিকটস্থ শৌচালয়ে ঢুকে, দরজার আড়ালে দাঁড়ালেন অমলবাবু। ধরা পড়ে গেছেন তিনি। তবে দ্রুত থেকে দ্রুততর হতে থাকা হৃদস্পন্দনের সাথে তিনি অনুভব করলেন মন খারাপ আর নেই। উল্টোদিকে, আয়নায় নিজের প্রতিফলন দেখে রোজের মত মুষড়ে পড়লেন না। দেখলেন, ফিরে এসেছে গর্তে ঢোকা চোখের উজ্জ্বলতা। বাম গালের জরুলটাকেও কুৎসিত দেখাচ্ছে না আর। সমরেশ নেমে পড়েছে প্ল্যাটফর্মে। এবারে নিশ্চিন্তি।। 

মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

আতঙ্ক

 


“আরেকবার চোখ বুলিয়ে নিবি বইতে?”

“নাঃ, কোনও দরকার নেই। সব গুলিয়ে যাবে তাহলে,” আমি ঘাড় সোজা করে বাবা-কে বললাম। “এবারে ঢুকে পড়ছি। বেশিক্ষন বাইরে অপেক্ষা করলে টেনশন বেড়ে যায়।“

“ঠিক আছে চলে যা। একদম চিন্তা  করবি না। পরীক্ষা খুব ভালো হবে,” আমি পা ছুঁয়ে প্রণাম করতে বাবা আমার মাথায় হাত দিয়ে বলল। আমি চারিদিকে একবার তাকিয়ে নিলাম। পদার্থবিজ্ঞান পরীক্ষা আজ। যেখানে সিট পড়েছে তার বাইরে পুরো মেলা বসে গেছে। বাবা-মায়েরা ডাব, দইয়ের ভাঁড় নিয়ে নিজের-নিজের ছেলেকে ঘিরে উদ্বিগ্ন চেহারায় দাঁড়িয়ে। গতবছরের প্রশ্নপত্র খুব কঠিন এসেছিল। এবারে কেমন হয় তা নিয়ে বিভিন্ন জটলায় জোর আলোচনা চলছে। দূরে বোধহয় ঋতুরাজ আর সোমদেব-কে দেখতে পেলাম। ওরাও শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। আমি আর সময় নষ্ট না করে তিন লাফে স্কুলের ভিতরে ঢুকে পড়লাম।

বিল্ডিঙয়ের গঠন, দেওয়ালের রঙ সবই একটু অদ্ভুত। সাধারণত স্কুলে যেমন হয়, তেমন নয়। রামধনুর যথেচ্ছ পোঁচ পড়েছে সর্বত্র। এর আগে বাংলা, ইংরাজি বা অন্যান্য বিষয়ের পরীক্ষা হয়ে গেছে। তখন এতোটা বৈচিত্র নজরে আসেনি। সিঁড়ির ধাপগুলোও যেন অত্যাধিক মসৃণ। পা পিছলে আছাড় খাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। আমি যথোপযুক্ত সাবধানতা অবলম্বন করে দোতলায়, এক্সাম রুমে চলে এলাম।

ক্লাসে তখনও কেউ নেই। আমার জন্যে নির্ধারিত আসন রয়েছে লাস্ট বেঞ্চের আগে। সেখানে ক্লিপবোর্ড, পেন্সিল-বক্স, রুলার ইত্যাদি রেখে গুছিয়ে মাথা নিচু করে বসলাম। মনোযোগ বাড়ানোর আদর্শ উপায়। কতক্ষণ ছিলাম জানি না, অকস্মাৎ সব কটা ছেলে হুড়মুড় করে ঢুকে পড়ল। সবারই ভীষণ গম্ভীর মুখ। কেউ কারোর সাথে কথা বলছে না। ওয়ার্নিং বেল পড়তেই সিল্‌ড প্রশ্নপত্র বিলি হয়ে গেল। স্নায়ু চূড়ান্তভাবে উত্তেজিত।

ফাইনাল বেলে আরম্ভ হল পরীক্ষা। ও’দিকে কোশ্চেন পেপার খুলতেই আমার চোখ ছানাবড়া। কোথায় ফিজিক্স? এযে রসায়নের কঠিন-কঠিন প্রশ্নে ভর্তি। নিশ্চয়ই কোনও গণ্ডগোল হয়েছে। ভুল করে পরের দিনের পেপার আজ দিয়ে দিয়েছে। আমি হাসি মুখে পাশে দিপাঞ্জনের দিকে তাকালাম। আশা করেছিলাম ওরও হতবাক মুখশ্রী দেখব। কিন্তু না। ছেলেটা মুখ গুঁজে একমনে লিখেই চলেছে।

“এই, কেমিস্ট্রি পেপার কেন দিয়েছে?” আমি ফিসফিস করে বললাম ওকে।

“কী দেবে তাহলে?”

“ফিজিক্স!”

“ধুস্‌, ফিজিক্স পরীক্ষা তো দু’দিন পরে।“

“বলিস কী?” আমার চোখে জল চলে এল। খুব ইচ্ছে করল এক ছুটে বাইরে বাবার কাছে চলে যাই। একটা প্রচণ্ড নিঃসঙ্গ, অসহায় ভাব উঠে এল পায়ের কাছ থেকে। কতবার সবার সঙ্গে রুটিন মিলিয়েছি। তাও এত বড় ভুল কীভাবে করলাম? কী করব এখন? দু’দুটো পেপার দিতে হবে। অথচ আমার মাথা একেবারে শূন্য। কেমিস্ট্রির একটা সংজ্ঞাও মনে পড়ছে না।

“কী ব্যাপার? এক্সাম শুরু হতে না হতেই কথা বলা শুরু করে দিয়েছ?” রুমের পরিদর্শক স্যার কড়া চাহুনি নিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। “খাতা কেড়ে নেব নাকি?”

“স্যার ও আজ ফিজিক্স পড়ে এসেছে,” দিপাঞ্জন দাঁত বের করে বলল। ক্লাসের বাকি ছেলেগুলো ওর কথা শুনে একবার অবজ্ঞাভরে পিছনে তাকিয়ে নিজেদের কাজে মগ্ন হয়ে গেল।

“বটে। এমন বেয়াদব, বেয়াক্কেলে ছাত্রের সাথে এমনই হওয়া উচিত,” স্যার দাঁত কিড়মিড় করলেন। “স্কুলড্রেসও পরেনি, উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। ছ্যাঃ!”

খেয়াল হল, সত্যি তো। একটা পাজামা আর গেঞ্জি গায়ে বসে আছি। কি ভয়ানক! কি ভয়ানক!

ঘেমে স্নান করে উঠে পড়লাম আমি। বুকের ভিতরে ধড়াস্‌-ধড়াস্‌ করছে। ঘাড় ঘুরিয়ে দেখলাম, বিছানায় ছেলে, মেয়ে, বউ নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। রাতবিরেতে শুধু আমার চোখে আর ঘুম এল না। অফিসে কাজের চাপ বাড়লেই এই নিঃসীম আতঙ্কের দুঃস্বপ্নটা দেখি। এর থেকে মুক্তির উপায় জানা নেই।।

বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

ট্রু লাব


 বসন্তবিলাপ, অর্থাৎ আমাদের সূর্য স্যারের বাংলা কোচিং থেকে বেরিয়েই অয়ন আমার হাত টেনে ধরল। বলল, “ওইদিকে দেখ। মোড়ের কাছে ঝিণ্টি দলবল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকেই তোকে প্রপোজ করবে।“

ধড়াস করে উঠল আমার বুক। সত্যি, ঝিণ্টি ঠায় এ’দিকেই চেয়ে রয়েছে। স্যারের সাহিত্যালোচনার ফাঁকে চোরা দৃষ্টির আদানপ্রদান হচ্ছিল শুভবিজয়ার করমর্দনের পর থেকেই। আমি তখনও মিথিলা-কে নিয়ে আশাবাদী ছিলাম বলে পত্নীনিষ্ঠতার কাঠিন্য বজায় রাখতাম চেহারায়। তবে এতদিনে মোটামুটি নিশ্চিত যে সে’কুলে আমার ঠাঁই নাই। তাই আজ বোধহয় ফিক্‌ করে হেসেও ফেলেছিলাম চাউনির উত্তরে। তাতেই নির্ঘাত দুইয়ে দুইয়ে চার করে ফেলেছে।

“অন্য পথ দিয়ে বাড়ি ফিরলে হয় না?” আমি প্রস্তাব দিলাম।

“ছিঃ, বৌদি তোকে কাপুরুষ ভাববে। মরদের মতন বুক চিতিয়ে সামনে গিয়ে দাঁড়া। ভয় কিসের?”

“আহা, এখনই বৌদি বলার কী আছে? সবে পরশু বললাম ঝিণ্টি-কে আমার খারাপ লাগে না আর ওমনি তোর লম্ফঝম্ফ শুরু। মনে নেই, আদৃতা-র বেলায় হুড়োপাড়া করতে গিয়ে কেমন কেলেঙ্কারি হয়েছিল?”

“বস্‌, আসল ব্যাপারটা হল আত্মবিশ্বাস। ওরা সেটাই দেখতে চায়। চোখে চোখ রেখে একবার কথা বলে দেখ, পুরো দুনিয়া লাট্টু,” অয়ন বলল।

“ফাঁকা কলসির বাজনা বেশী। পাপিয়া তোকে ভাই পাতায়নি?”

“ওটা মিসহ্যাপ। সায়েন্সের মেয়েদের সঙ্গে কক্ষনও প্রেম করবি না। আবহাওয়াটাই বিষাক্ত সে’খানে। ঘাড় কাত করে নোট কপি করে দিতে বলে। কিন্তু দোকলা ফুচকা খাওয়ার প্ল্যান ফাঁদলেই রাখি দিয়ে ইনস্যুরেন্স করিয়ে রাখে। তারচে’ বাংলা বা ইংরিজি কোচিং ঢের ভালো। ক্লাসে ঢুকলেই মনে হয় বাতাসে বহিছে প্রেম…”

“অ্যাই, একটা কথা ছিল। শোন্‌ এ’দিকে…”

কথায় কথায় কখন মোড়ের মাথায় চলে এসেছি, খেয়ালই করিনি। থমকালাম ঝিণ্টির তীক্ষ্ণ ডাক শুনে। অস্বীকার করব না, হঠাৎ ভীষণ ঘাবড়ে পাশের বিশ্বনাথ হার্ডওয়ার্সে সিমেন্টের বস্তা গুনতে শুরু করেছিলাম। কিন্তু কমলি ছোড়নে ওয়ালি নহি। আবার হাঁক ছাড়ল, “কিরে, শুনতে পাচ্ছিস না?”

“তোকে ডাকছে মনে হয়,” আমি অয়নের জামা টেনে বললাম। “তোর দিকেই তাকিয়ে রয়েছে।“

“তোর বউ আমায় ডাকবে কেন হতভাগা?” অয়ন খিঁচিয়ে উঠল। “মেয়েটা একটু লক্ষ্মী ট্যারা। তাই ভুল বুঝছিস। যা, দুগ্‌গা দুগ্‌গা বলে এগিয়ে যা। “

“হারামজাদা তোকে কতবার বলেছি ট্রু লাব নিয়ে বাওয়াল দিবি না। আগ বাড়িয়ে বৌদি বৌদি করলে যাবে সব ভেস্তে আবার। যত অলক্ষুনে ব্যাপার।”

অয়ন-কে গাল পেড়ে আমি ঝিণ্টির সামনে গিয়ে দাঁড়ালাম। ওর এত কাছাকাছি আগে কোনও দিন আসিনি। গলা শুকিয়ে গেল তাই। তবে টের পেলাম, অয়নের চোখে ন্যাবা আছে। মেয়েটা মোটেই লক্ষ্মী ট্যারা নয়। বরং এমন ডাগর আঁখিতে আমার পায়ের তলায় ভূমিকম্প হল। না না ভুল বললাম। আর্থ-কোয়েক হয়েছিল তিয়াসার বেলায়। আর কান দিয়ে ধোঁয়া বেরিয়েছিল সৌমিতার হাসি দেখে। গুলিয়ে ফেললে চলবে না। এ’বারেরটা একেবারে আলাদা অনুভূতি। সাইকেল, অটো, রিকশার হর্নকেও গিটারের ঝঙ্কার মনে হচ্ছে। দু’সপ্তাহ পরে উচ্চমাধ্যমিক শুরু। নিকুচি করেছে তার। ঝিণ্টি তুই একবার বল, নেই তোর নেই, কেউ নেই…

“হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন?” কর্কশ গলায় বলল সে। “স্যার-কে গিফ্‌ট দেব বলে আমরা সবাই মিলে চাঁদা তুলেছি। তুই আর অয়ন সেই কবে থেকে ঝোলাচ্ছিস। এখুনি দু’জনে দশ টাকা করে দিয়ে দে ডিম্পি-কে।“

আশাভঙ্গের ঝনঝন আওয়াজ চেপে ঢোঁক গিলে বললাম, “ডিম্পি কে?”

“সেকিরে! তুই আমার নামও জানিস না?” ঝিণ্টির কাঁধের পিছন থেকে আরেকটা চাঁদপনা মুখ অক্ষিপুট পিটপিটিয়ে জানতে চাইল।

এক লাফে অয়নের কাছে ফিরে বললাম, “শিগগির কুড়ি টাকা বের কর।“

“বৌ… থুরি ঝিণ্টি কী বলল?”

“চুপ্‌ শালা। দেব তোর গলাটা টিপে,” আমি ক্ষেপে গিয়ে ওর কলার ধরতে যাচ্ছিলাম। তারপরে মাথা ঠাণ্ডা করে জিজ্ঞাসা করলাম, “আচ্ছা, ডিম্পি, মানে ওই ক্যাশিয়ার মেয়েটাকে চিনিস?”

“বুধবার সন্ধ্যের ব্যাচ। কেন? ওও…ও! জিও গুরু! বৌদিকে দারুণ মানাবে কিন্তু তোর সাথে…।।“